বহুদিনের প্রতীক্ষা শেষে কক্সবাজারের কুতুবদিয়ার নৌপথে চালু হয়েছে সি-ট্রাক। নৌপথে যাতায়াতে দ্বীপবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘবে নতুন দিগন্ত খুলতে যাচ্ছে এই সি-ট্রাক সেবা।
রোববার সকাল ১১টায় পেকুয়া উপজেলার মগনামা জেটিঘাটে কুতুবদিয়ার নৌপথে ‘এস টি ভাষা শহীদ জব্বার’ নামের সি-ট্রাকটির উদ্বোধন করা হয়। আধুনিক সুবিধাসম্পন্ন এই সি-ট্রাকে একসঙ্গে প্রায় ২৫০ জন যাত্রী পরিবহন করা সম্ভব হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এর ফলে বৈরী আবহাওয়া ও ঝুঁকিপূর্ণ ছোট নৌযানের ওপর নির্ভরশীলতা অনেকটাই কমবে বলে আশা করছেন স্থানীয়রা।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা সাখাওয়াত হোসেন।
দীর্ঘদিন ধরে কুতুবদিয়ার মানুষ ঝুঁকিপূর্ণ নৌযানে করে মূল ভূখণ্ডে যাতায়াত করতে বাধ্য হচ্ছিলেন। বিশেষ করে শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে এই নৌপথে চরম ভোগান্তি পোহাতে হতো। সি-ট্রাক চালু হওয়ায় যাত্রীদের যাতায়াত যেমন নিরাপদ ও স্বস্তিদায়ক হবে, তেমনি সময় ও খরচ কমবে বলে আশা করা হচ্ছে।
সি-ট্রাক চালু হওয়ায় দ্বীপজুড়ে আনন্দের জোয়ার বইছে। স্থানীয় বাসিন্দারা এটিকে কুতুবদিয়ার যোগাযোগ ব্যবস্থার একটি ঐতিহাসিক অগ্রগতি হিসেবে দেখছেন। তবে একই সঙ্গে নিরাপদ ও সহজ পণ্য পরিবহনের স্বার্থে এই নৌরুটে স্থায়ী ফেরি ব্যবস্থা চালুর দাবিও পুনর্ব্যক্ত করেছেন তারা।
তাদের মতে, সি-ট্রাকের পাশাপাশি ফেরি চালু হলে দ্বীপের সার্বিক অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে এবং কুতুবদিয়ার উন্নয়ন ত্বরান্বিত হবে।


