রাজধানী ঢাকার কলাবাগানের একটি বাড়িতে বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বয়স আনুমানিক ৩০ বছর।
রোববার সকাল ৬টার দিকে কলাবাগান নর্থ রোডের ভূতের গলির ৬৯/১ নম্বর বাড়ির পেছনে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত ওই যুবক বৈদ্যুতিক তার চুরির উদ্দেশ্যে বাড়িটির গ্রিল বেয়ে ছাদে ওঠেন। তিনি সেখানে অনেকগুলো তার কেটে একত্র করেন। এ সময় আরও একটি তার কাটার সময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন এবং ছাদ থেকে নিচে পড়ে যান।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) নিয়ে যায় পুলিশ । সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
কলাবাগান থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল হোসেন জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


