প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে ঢাকার তেজগাঁও এলাকার কড়াইল বস্তিতে লাগা আগুন।
মঙ্গলবার রাত ১০টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুম।
এর আগে বিকাল ৫টা ১৯ মিনিটে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ২০টি ইউনিটের চেষ্টায় প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।
আগুনের কারণ বা ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। তবে ঘটনাস্থলে আহত কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দিতে দেখা গেছে রেড ক্রিসেন্ট সদস্যদের।
এর আগে, সবশেষ গত ২২ ফেব্রুয়ারি রাতে বস্তিটিতে আগুন লেগেছিল। সেই দফায় ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। সে সময় পুড়েছিল ৬১টি ঘর। তার দুই মাস আগে ২০২৪ সালের ১৮ ডিসেম্বরও বস্তিটিতে আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের সাতটি ইউনিটের চেষ্টার পর সেই আগুন নিয়ন্ত্রণে আসে।
বিভিন্ন গবেষণা প্রতিবেদন অনুযায়ী, ঢাকার অন্যতম পুরোনো এই বস্তির আয়তন প্রায় ৯০ একর। যেখানে অন্তত ৮০ হাজার মানুষ বসবাস করেন। সরু গলিপথ ও ঘিঞ্জি ঘরবাড়ির কারণে কড়াইল বস্তিতে আগুন লাগলে প্রতিবারই তা নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।


