কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধা পয়েন্টে ভেসে এসেছে বিশাল আকৃতির একটি মৃত ডলফিন।
শনিবার সকালে সৈকতে অর্ধগলিত অবস্থায় ডলফিনটিকে দেখতে পান লাইফগার্ড কর্মীরা। কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন।
সৈকতে দায়িত্ব পালনরত লাইফগার্ড কর্মী জয়নাল আবেদীন ভুট্টু জানান, সকালে নিয়মিত টহল দেওয়ার সময় তারা ডলফিনটিকে দেখতে পান। তিনি বলেন, ‘ডলফিনটি প্রায় ছয় ফুটের বেশি লম্বা এবং কয়েকদিন আগে মারা যাওয়ায় শরীরের কিছু অংশ পচে গেছে। পরে বিষয়টি বন বিভাগ ও স্থানীয় প্রশাসনকে জানানো হয়।’
স্থানীয়দের ধারণা, এটি বিরল প্রজাতির ইরাবতী ডলফিন হতে পারে। সাধারণত এই প্রজাতির ডলফিন বঙ্গোপসাগর ও উপকূলীয় অগভীর পানিতে বিচরণ করে।
পরিবেশবাদী সংগঠন ‘ধরিত্রী রক্ষায় আমরা ধরা কক্সবাজার’-এর আহ্বায়ক ফজলুল কাদের চৌধুরী বলেন, ‘মাছ ধরার সময় জেলেদের জালে আটকে অথবা চলন্ত জাহাজের ইঞ্জিনের পাখার আঘাতে ডলফিনটির মৃত্যু হয়ে থাকতে পারে। ধারণা করা হচ্ছে, এটি তিন থেকে চার দিন আগে মারা গেছে এবং সাগরের স্রোতের টানে ভেসে সৈকতে উঠে এসেছে।’
তিনি জানান, বঙ্গোপসাগরে ডলফিনসহ বিভিন্ন সামুদ্রিক প্রাণীর মৃত্যু প্রায়ই ঘটে। অবৈধ জাল ব্যবহার, অতিরিক্ত মাছ ধরা এবং সমুদ্রপথে জাহাজ চলাচল বৃদ্ধির কারণে সামুদ্রিক জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে।
এদিকে মৃত ডলফিনটি দেখতে সৈকতে ভিড় করেন অনেক পর্যটক ও স্থানীয় মানুষ।


