ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে হবে–এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহআন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের মনোনয়নপ্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানা। উপদেষ্টাদের উদ্দেশে তিনি বলেছেন, এমন অপকর্ম করবেন না, যাতে ‘সেফ এক্সিট’ লাগে।
তিনি বলেন, ‘কেউ যদি মনে করে নির্বাচন পিছিয়ে দেবে, তাদেরকে হুশিয়ারি দিয়ে বলছি–ফেব্রুয়ারিতেই বাংলাদেশে নির্বাচন হতে হবে।’
শুক্রবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের তালশহর এএআই. উচ্চ বিদ্যালয় মাঠে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা আরও বলেন, ‘আমরা ধরেই এগোচ্ছি যে ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে। কেউ যদি মনে করে নির্বাচনে ভালো করা সম্ভব হবে না বলে এটি বানচাল করবে, তারা ভুল করছে।’
তিনি সরকারের উদ্দেশে বলেন, “সেফ এক্সিটের” কথা কী আর বলব। উপদেষ্টারা তো বিদেশি নাগরিক। তারা দেশে কোনো অস্থিরতা হলে বিদেশে চলে যেতে পারবে। তাই অনুরোধ করছি কোনো অপকর্মে জড়াবেন না, কোনো দুর্নীতি করবেন না, এমন কোনো ওয়াদা করবেন না যেটার কারণে “সেফ এক্সিটের” প্রয়োজন পড়বে। কাজ করবেন স্বচ্ছতা, সততা ও দেশপ্রেম বজায় রেখে।’
বিএনপির এই নেত্রী আরও বলেন, ‘আমাদের আগামীর বাংলাদেশ হবে চাল সস্তা, ডাল সস্তা, নিরাপদ রাস্তার বাংলাদেশ। তরুণ প্রজন্মের চাকরি, অর্থনৈতিক নিরাপত্তা ও বেকার ভাতার বাংলাদেশ হবে সেটি। ঘরে ঘরে গড়ে উঠবে দক্ষ জনশক্তি।’
সভা শেষে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকার প্রজেক্টরের মাধ্যমে প্রদর্শন করা হয়।


