আনুপাতিক নির্বাচনী পদ্ধতির নামে একটি গোষ্ঠী জাতিকে ধ্বংসের দিকে ঠেলে দিতে সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার দুপুরে রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে রমনা থানা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, ‘একেকজন একেকটা দাবি তুলে নির্বাচনকে পিছিয়ে দিতে চাচ্ছে। আনুপাতিক সিস্টেমের নামে একদল লোক জাতিকে ধ্বংস করতে সক্রিয়। জাতিকে ধ্বংস করার জন্য একদল লোক নানা কুপরামর্শ দিতে মাঠে নেমেছে। তারা জাতিকে আগে বাড়তে দিবে না।’

তিনি সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘যারা দেশকে ভালোবাসেন, তারা একসঙ্গে আসেন। সমাবেশ করে আউল ফাউল কথা বলবেন না। বিএনপি কোনো রকম সংঘর্ষে যেতে চায় না।’
নতুন সদস্য অন্তর্ভুক্তি প্রসঙ্গে মির্জা আব্বাস বলেন, ‘আমরা নতুন লোক অবশ্যই আমার দলে চাই। পুরানো ও নতুনের সংমিশ্রণে একটি নতুন শক্তিশালী দল হবে। তবে তার অর্থ এই নয় বিতাড়িত আওয়ামী দোসরদের আমরা জায়গা করে দিব। ‘
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


