ঈদুল আজহার ঈদযাত্রাকে ঘিরে সরকারের সব ধরনের প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী রাজিব আহসান। যারা ইতোমধ্যে বাড়ি পৌঁছেছেন, তাদের ফিরতি যাত্রা যেন নিরাপদ হয়, সে লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে বলে জানান তিনি।
বুধবার বিকালে বরিশাল নৌ বন্দর পরিদর্শন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
ঈদযাত্রায় লঞ্চে বাড়তি ভাড়া আদায়ের বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ‘আমাদের কাছে সরকার নির্ধারিত ভাড়ার তালিকা আছে। লঞ্চগুলো যদি অতিরিক্ত ভাড়া নেয়, তবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ তবে এখন পর্যন্ত এই ধরনের কোনো অভিযোগ পাওয়া যায়নি বলে জানান তিনি।
নৌপ্রতিমন্ত্রী রাজিব আহসান আরও বলেন, নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীনে পণ্য ও যাত্রী পরিবহনে সরকার নির্ধারিত সেবাটি যেন অভিযোগমুক্ত হয় এবং সেখানে যেন মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ থাকে, তা নিশ্চিত করতে প্রতিদিন কাজ চলছে। সেবামূলক এই খাতে অভিযোগের হার শূন্যের কোঠায় নামিয়ে আনাই সরকারের লক্ষ্য।
নৌপথে চলাচলকারী প্রতিটি নৌযানের রেজিস্ট্রেশন থাকার বাধ্যবাধকতার কথা উল্লেখ করে প্রতিমন্ত্রী জানান, দেশে বর্তমানে সরকারি রেজিস্ট্রেশনভুক্ত ২৩ হাজার নৌযান রয়েছে। তবে ধারণা করা হয়, প্রায় আড়াই থেকে ৩ লাখ নৌযান বর্তমানে চলাচল করছে।
তিনি বলেন, ‘আমরা উদ্যোগ নিয়েছি, নৌযান বিধিমালা অনুযায়ী যারা নৌযান পরিচালনা করতে চান, তাদের সরকারের নীতিমালার মধ্যে আসতে হবে। সরকারি বিধিমালা মেনেই নৌযান পরিচালনা করতে হবে।’
পরিদর্শনকালে বরিশাল নৌ বন্দরের কর্মকর্তা, পুলিশ প্রশাসনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


