ভারতের আহমেদাবাদে সরদার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের সময় যুক্তরাজ্যগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান বিধ্বস্ত হয়েছে। বিমানবন্দর ছাড়ার পরই আকাশে ঘন কালো ধোঁয়া ছড়িয়ে পড়ে।
ভারতের গণমাধ্যমের খবরে বলা হয়, বিধ্বস্ত ফ্লাইটটি (এআই ১৭১) ছিল একটি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার। এর গন্তব্য ছিল লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরে। ফ্লাইটটিতে ২৩০ জন যাত্রী ও ১২ জন ক্রু ছিলেন।
ওই ফ্লাইটটি বেলা ১টা ১০ মিনিটে ছাড়ার কথা থাকলেও, তা ১টা ৩৯ মিনিটে উড্ডয়ন করে। এর আগে ফ্লাইটটি দিল্লি থেকে আহমেদাবাদে এসেছিল।
উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি জরুরি বিপদ সংকেত ‘মে-ডে’ পাঠায় এবং এর বেতার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।
পরে ফ্লাইটটি বিমানবন্দর এলাকা পার হয়ে মেঘানিনগরের কাছে ভেঙে পড়ে। এর বৈমানিক ছিলেন ক্যাপ্টেন সুমিত সাবরওয়াল এবং ফার্স্ট অফিসার ক্লাইভ কুন্দর।
আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক জানান, ‘দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত হলেও বিমান সম্পর্কে বিস্তারিত যাচাই চলছে।’
এয়ার ইন্ডিয়া সামাজিক মাধ্যমে দুর্ঘটনার কথা স্বীকার করে জানায়, বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখনও হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা বা দুর্ঘটনার কারণ জানানো হয়নি।
অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে ঘটনাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উঠতে দেখা যায়।
ভিন্ন একটি সূত্র জানায়, প্রাক্তন গুজরাট মুখ্যমন্ত্রী বিজয় রূপানি এই বিমানে ছিলেন, তবে তার অবস্থান এখনও নিশ্চিত নয়।
ঘটনার পর আহমেদাবাদ বিমানবন্দরে সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।


