আশুলিয়ায় আলাদা অভিযানে বিপুল পরিমাণ মাদক, বিদেশি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ সাত জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া জিনিসপত্র থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাতে আশুলিয়ার গাজীরচট ও কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আশুলিয়া থানার এসআই আতাউর রহমান শুক্রবার দুপুরে টাইমস অব বাংলাদেশকে জানান, এ ঘটনায় একটি মামলা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন–আশুলিয়ার গাজীরচট এলাকার মেহেদী হাসান মিঠুন (২৪), মো. মোজাম্মেল ভূঁইয়া (৪৪), মাসুমা আক্তার রিয়া (২৩), চাঁপাইনবাবগঞ্জ জেলার রাণীনগর থানা এলাকার মো. জাহিদুল আলম (২৪), রাজশাহী জেলার জামিরা হাটপাড়া এলাকার নায়ন আলী (১৮), বগুড়া জেলার ফুলবাড়ী থানা এলাকার মো. গোলাম রাব্বি (১৮) এবং আশুলিয়ার কান্দাইল এলাকার বাবর হোসেন ওরফে বাবলু।
বৃহস্পতিবার রাতে আশুলিয়ার গাজীরচট এলাকায় হঠাৎ পাঁচ রাউন্ড গুলির শব্দ শুনতে পায় স্থানীয়রা। বিষয়টি জামগড়া আর্মি ক্যাম্পকে জানালে জামগড়া আর্মি ক্যাম্পের টহলদল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং এলাকাবাসীর কাছ থেকে তথ্য সংগ্রহ করে অভিযান চালায়।
অভিযানে ঘটনাস্থল থেকে মেহেদী হাসান মিঠুন, মোজাম্মেল ভূঁইয়া, জাহিদুল আলম ও মাসুমা আক্তার রিয়া নামের চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে পুলিশসহ তল্লাশি করে ১টি ৭ দশমিক ৬৫ মিমি পিস্তল, ৮ রাউন্ড পিস্তল গুলি, দুটি পিস্তল ম্যাগাজিন, ১৭টি শটগানের কার্তুজ, ১৬টি পিস্তলের কার্তুজ, একটি শটগানের বাটস্টক, দুইটি ইলেকট্রিক শকার, তিনটি ওয়াকি-টকি ও কয়েকটি দেশীয় অস্ত্র এবং ৩ হাজার ৪০ পিস ইয়াবা ট্যাবলেট, ৭০০ গ্রাম গাঁজা, ৪ লিটার বিদেশি মদসহ ১৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
পরে শুক্রবার ভোর রাতে আশুলিয়ার কান্দাইলের রাজা-বাদশা মার্কেট এলাকায় অভিযান চালিয়ে নায়ন আলী, বাবর হোসেন ওরফে বাবলু ও গোলাম রাব্বি নামের তিনজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের স্বীকারোক্তিতে পুলিশসহ তল্লাশি করে একটি পিস্তল, একটি দেশি অস্ত্র ও ২০০ গ্রাম গাঁজাসহ অপরাধ সংক্রান্ত রেকর্ডযুক্ত দুইটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
আটককৃত আসামি এবং উদ্ধারকৃত জিনিসপত্র আশুলিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
আশুলিয়া থানার ডিউটি অফিসার উপপরিদর্শক আতাউর রহমান বলেন, সেনাবাহিনী সাতজনকে আটক করে থানায় হস্তান্তর করেছে। তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।


