২০২২ সালে ৪৪তম মস্কো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ‘আদিম’ প্রদর্শিত হয় মূল প্রতিযোগিতা বিভাগে এবং জিতে নেয় ‘নেটপ্যাক জুরি অ্যাওয়ার্ড’ ও ‘স্পেশাল জুরি ম্যানশন’। এছাড়া ছবিটি বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিয়ে পুরস্কৃত হয়েছিল। জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২৩ এ বিজয়ীদের নাম ঘোষণা করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সেখানে পুরস্কারপ্রাপ্তদের তালিকায় নাম নেই যুবরাজ শামীম পরিচালিত ‘আদিম’র। সবাই আশা করেছিল ছবিটি কয়েকটি ক্যাটাগরিতে পুরস্কার পাবে। তবে তালিকায় নাম না থাকায় বিস্মিত হয়েছে চলচ্চিত্রবোদ্ধারা।
এ বিষয়টি টাইমস অব বাংলাদেশের কাছে প্রতিক্রিয়া দিয়েছেন ‘আদিম’ পরিচালক যুবরাজ শামীম। তিনি বলেন, ‘প্রতিটা ফিল্মেরই নিজস্ব টাইম এবং স্পেস আছে। আপনি যে ন্যাশনাল এওয়ার্ডের কথা বলছেন সেখানে তো গুটিকয়েক সদস্য জুরিবোর্ডে ছিলেন, এখন তাদের হয়তো কারো পছন্দ হয়েছে কারো হয় নাই, সেক্ষেত্রে গুটিকয়েক মানুষের বিচারের উপর আমার আর্টের চূড়ান্ত মান নির্ভর করে না, তাই এক্ষেত্রে আলাদা করে আমার প্রতিক্রিয়া দেয়ার কিছু নাই।
তিনি আরও বলেন, ‘আমার কোন ছবি দুনিয়ার কোথাও যদি স্বীকৃতি না পায়, একজন দর্শকও যদি ছবিটা না দেখেন, তবুও আমি পরের ছবিটা বানাবো, কারণ আর্টের জার্নিটাই আমার কাছে গুরুত্বপূর্ণ এবং ছবিটা আমি আমার নিজের জন্যই বানাই।’
টঙ্গীর একটি বস্তিতে ‘আদিম’-এর পুরো শুটিং করা হয়েছে। সিনেমার কাহিনি বস্তিকে কেন্দ্র করেই এবং চরিত্ররাও বস্তিতেই থাকেন। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন বাদশা, দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ। চিত্রগ্রহণ করেছেন আমির হামযা এবং সাউন্ড ও কালারের কাজ করেছেন সুজন মাহমুদ। গণ-অর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়নের ব্যানারে সিনেমাটি নির্মাণ করা হয়েছে। সহ-প্রযোজক হিসেবে যুক্ত ছিল সিনেমেকার ও লোটাস ফিল্ম।


