সৌহার্দ্যপূর্ণ পরিবেশে রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকার (আরডিজেএডি) উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার রাজধানীর একটি রেস্টুরেন্টে আয়োজিত এই ইফতার মাহফিলে সংগঠনের বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন। ঢাকায় কর্মরত রাজশাহী বিভাগের সাংবাদিকদের এক মিলনমেলায় পরিণত হয় অনুষ্ঠানটি।
সংগঠনের সভাপতি রিয়াজ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দীপক দেবের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার মাহফিলে সংগঠনের বেশ কয়েকজন প্রতিষ্ঠাতা সদস্য অংশ নিয়ে বক্তব্য দেন।
বক্তারা বলেন, ‘রাজশাহী বিভাগের আটটি জেলা এখনো নানা ক্ষেত্রে অবহেলিত। তাই এলাকার সার্বিক উন্নয়নের জন্য ঢাকায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধভাবে কাজ করা জরুরি।’ এ সময় সংগঠনের সাংগঠনিক তৎপরতা আরও বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে নির্বাহী কমিটির সদস্যদের পাশাপাশি প্রতিষ্ঠাতা সভাপতি খায়রুজ্জামান কামাল, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, সিনিয়র সদস্য শাহনেওয়াজ দুলাল, আবদুল্লাহ আল মামুন ও পবন আহমেদ বক্তব্য দেন। এ ছাড়া রাজশাহী বিভাগের আট জেলার সাংবাদিক নেতারাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
উল্লেখ্য, রাজশাহী বিভাগ সাংবাদিক সমিতি, ঢাকা (আরডিজেএডি) রাজধানীতে কর্মরত রাজশাহী বিভাগের আট জেলার পেশাদার সাংবাদিকদের একমাত্র সংগঠন। বর্তমানে সংগঠনটির সদস্য সংখ্যা চার শতাধিক।


