রাজধানীর আজিমপুরে একটি ৭ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আব্দুর রাজ্জাক (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
রোববার বেলা দেড়টার দিকে আজিমপুর শাহ সাহেববাড়ি এলাকায় এই ঘটনা ঘটে। স্বজনদের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন।
গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে বেলা পৌনে ৩টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের মেয়ের দেবর আরিফুল ইসলাম সিফাত জানান, রাজ্জাকের নিজের বাসা মোহাম্মদপুর সূচনা কমিউনিটি সেন্টারের পাশে। তিনি আগে ব্যবসা করতেন, এখন কিছু করতেন না। গত এক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। তার চিকিৎসাও চলছিল। সকালে তিনি মোহাম্মদপুর থেকে আজিমপুরে মেয়ের বাসায় আসেন। দুপুরে ছাদের চাবি নিয়ে একা ছাদে যান। কিছুক্ষণ পর সেখান থেকে নিচে লাফিয়ে পড়েন।
সিফাত আরও জানান, দুই দিন আগে রাজ্জাক পরিবারের সদস্যদের কাছে জানতে চেয়েছিলেন, ‘ছাদ থেকে লাফ দিতে কেমন লাগে?’ এরপর থেকে সবাই তাকে নিয়ে আতঙ্কে ছিলেন, সব সময় চোখে চোখে রাখতেন। মোহাম্মদপুরে তাদের নিজেদের বাসাটি দুই তলা। সম্ভবত বেশি উঁচু থেকে লাফ দেওয়ার উদ্দেশ্যেই তিনি সকালে মেয়ের ৭ তলা বাসায় আসেন।


