সারা দেশে আওয়ামী লীগের আগুন সন্ত্রাস, নৈরাজ্য সৃষ্টি ও দেশকে অস্থিতিশীল করার চেষ্টার প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
বৃহস্পতিবার দুপুরে শহরের নিউমাকের্ট মোড় থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ আসিফ চত্বরে গিয়ে প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগ নির্বাচন বানচাল করার জন্য পরিকল্পিতভাবে লকডাউনের নামে দেশজুড়ে গুপ্ত হামলা চালিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে।
আওয়ামী লীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়ে তারা বলেন, বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এসব নৈরাজ্য প্রতিহত করতে প্রস্তুত রয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন–সাতক্ষীরা পৌরসভার সাবেক মেয়র ও জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক তাসকিন আহমেদ চিশতি, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, যুবদলের সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান মুকুল, জেলা জাসাসের আহ্বায়ক শেখ জিল্লুর রহমান, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আকবর আলী, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক ফরিদা আক্তার বিউটি, বিএনপি নেতা শাহ মোহাম্মদ কামরুজ্জামান কামু, যুবদল নেতা ও সাবেক পৌর কাউন্সিলর শফিকুল আলম বাবু প্রমুখ।


