মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, অ্যান্টিবায়োটিক ব্যবহার কমানো এবং এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আগামী জানুয়ারি মাসে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
সোমবার সকালে রাজধানীর মহাখালীতে লাইভস্টক রিসার্চ ইনস্টিটিউটে (এলআরআই) আয়োজিত এক সম্মেলনে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধ এবং মানুষের মধ্যে এ বিষয়ে সচেতনতা তৈরির জন্য বিভিন্ন উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, ‘প্রাণিস্বাস্থ্য, জনস্বাস্থ্য, খাদ্য নিরাপত্তা এবং সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নের জন্য ভেটেরিনারি ভ্যাকসিন গুরুত্বপূর্ণ।’
তিনি সকলকে সতর্ক করে বলেন, ‘রোগ প্রতিরোধে অবহেলা করলে অপ্রয়োজনীয়ভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহার বাড়ে। যা অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স (এএমআর) ঝুঁকি তৈরি করছে। এই ঝুঁকি শুধু মানুষের মধ্যেই নয়, প্রাণীর মধ্যেও বাড়ছে। তাই ভ্যাকসিনেশন কার্যক্রম জোরদার করে অ্যান্টিবায়োটিক ব্যবহারের প্রয়োজন কমাতে হবে।’
শুধু গবাদিপশু পালন করলে হবে না, মানুষের মতো প্রাণীরও যত্ন, চিকিৎসা ও রোগ প্রতিরোধ নিতে হবে। কারণ মানুষ যে প্রাণীগুলোকে খাদ্য হিসেবে গ্রহণ করেন, সেগুলোর সুস্থতার ওপর মানুষের অবস্থা অনেকাংশে নির্ভর করে বলেও জানান উপদেষ্টা ফরিদা আখতার।


