বিএনপি প্রার্থীর নির্বাচন সমন্বয়কের গাড়িতে হামলার অভিযোগ তুলে লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রমসহ ১২ জনের বিরুদ্ধে থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে।
সাতকানিয়া থানায় দায়ের করা এই এজাহারে আরও ৫০ থেকে ৬০ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তির নাম যুক্ত রয়েছে।
গত ১১ জানুয়ারি রাতে এজাহারটি দায়ের করেন চট্টগ্রাম-১৪ আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক এম এ হাশেম রাজু।
পুলিশ জানিয়েছে, বিষয়টি নিয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এজাহারে নাম থাকা অন্যদের মধ্যে রয়েছেন সাতকানিয়া উপজেলার পুরানগড় ইউনিয়ন এলডিপির সভাপতি দেলোয়ার হোসেন, ধর্মপুর ইউনিয়ন এলডিপির সভাপতি রিয়াদ কামাল, নাছির উদ্দিন, জয়নাল আবেদীন জামাল, ইকবাল হোসেন, মোহাম্মদ আরিফ উদ্দিন, মো. রনি, জয়নাল আবেদীন, শফিকুর রহমান, বাজালিয়া ইউনিয়ন এলডিপির সভাপতি আনিস উদ্দিন ও এইচ এম রেজাউল করিম।


