ভোলার মনপুরায় কোস্ট গার্ড ও পুলিশ যৌথ অভিযান চালিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে রাখা বিপুল পরিমাণ সিমেন্ট ও সার জব্দ করেছে। এ সময় পাচারকাজে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়।
রোববার বিকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ৩টার দিকে মনপুরা থানার উত্তর সাঁকুচিয়া লতাখালী ঘাট সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড আউটপোস্ট মনপুরা ও পুলিশ যৌথ অভিযান চালায়।
এ সময় একটি সন্দেহজনক ফিশিং বোটে তল্লাশি চালিয়ে প্রায় দুই লাখ ২৯ হাজার টাকার ৪৫০ বস্তা সিমেন্ট, চার বস্তা ডিএপি সার এবং পাচারকাজে ব্যবহৃত ফিশিং বোট জব্দ করা হয়। এ সময় একজন সন্দেহভাজন পাচারকারীকে আটক করা হয়।
কোস্ট গার্ড জানায়, জব্দ করা মালামাল, পাচারকাজে ব্যবহৃত বোট এবং আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য মনপুরা থানায় হস্তান্তর করা হয়েছে এবং চোরাচালান প্রতিরোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।


