নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত এবং ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষায় রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
অভিযানে বিএসটিআইয়ের পরীক্ষণ ও অনুমোদন ছাড়া নিম্নমানের শিশু খাদ্য ও কসমেটিক বিক্রির অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬ লাখ টাকা জরিমানা করা হয়।
এর মধ্যে ‘আলমাস সুপার শপ’-এ বিএসটিআই-এর পরীক্ষণ ও ছাড়পত্রবিহীন নিম্নমানের শিশু খাদ্য (চকলেট, ফ্লেভার ড্রিংকস, গুঁড়া দুধ) এবং কসমেটিক বিক্রির প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়।
একই অভিযানে অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান ‘সোফিয়াস বিউটি হাউস’-এর বিরুদ্ধে নিম্নমানের কসমেটিক বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ১ লাখ টাকা জরিমানা করা হয়।
বিএসটিআইয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবেকুন নাহার এই মোবাইল কোর্ট পরিচালনা করেন। বিএসটিআইয়ের পক্ষে অভিযানে দায়িত্ব পালন করেন মো. সাফায়েত হোসেন এবং সার্বিক কার্যক্রমে সহযোগিতা করেন কর্মকর্তা আহসান হাবিব খান।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের জন্য নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও মানসম্পন্ন পণ্য নিশ্চিত করতে দেশব্যাপী এই বাজার তদারকি এবং মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত পরিচালিত হচ্ছে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে। একই সঙ্গে কেনাকাটার সময় ভোক্তাদের বিএসটিআইয়ের অনুমোদিত পণ্য ক্রয়ের আহ্বান জানানো হয়েছে।


