বাংলাদেশে পরিবেশবান্ধব ও টেকসই বিনিয়োগ বাড়াতে ব্র্যাক ব্যাংক পিএলসিকে ৬ কোটি ইউরো অর্থায়ন দেবে ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের (ইআইবি) উন্নয়ন শাখা ইআইবি গ্লোবাল। এ লক্ষ্যে দুই প্রতিষ্ঠানের মধ্যে একটি অর্থায়ন চুক্তি সই হয়েছে।
এটি বাংলাদেশের কোনো বাণিজ্যিক ব্যাংককে উন্নয়ন অর্থায়নকারী প্রতিষ্ঠানের দেওয়া সবচেয়ে দীর্ঘমেয়াদি ঋণ। ১২ বছর মেয়াদি এই অর্থায়নের মধ্যে ৪ কোটি ইউরো ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ঋণ এবং ২ কোটি ইউরো কাঠামোগত (স্ট্রাকচার্ড) ঋণ হিসেবে দেওয়া হবে।
চুক্তির আওতায় নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানি সাশ্রয়, পরিবেশবান্ধব প্রযুক্তি, বর্জ্য ব্যবস্থাপনা ও চক্রাকার অর্থনীতিভিত্তিক প্রকল্পে বিনিয়োগে সহায়তা দেওয়া হবে। বিশেষ করে তৈরি পোশাক, বস্ত্র ও অন্যান্য রপ্তানিমুখী শিল্প এই অর্থায়নের সুবিধা পাবে।
ইআইবি জানায়, ৪ কোটি ইউরোর ঋণ থেকে দেশের ২ হাজার ৫০০টির বেশি ক্ষুদ্র উদ্যোক্তা ও প্রতিষ্ঠান উপকৃত হবে। তারা পরিচ্ছন্ন উৎপাদন ব্যবস্থা, আধুনিক যন্ত্রপাতি, নবায়নযোগ্য জ্বালানি, সম্পদের দক্ষ ব্যবহার এবং বর্জ্য কমানোর উদ্যোগে বিনিয়োগ করতে পারবেন।
সম্ভাব্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ভবনের ছাদে সৌরবিদ্যুৎ ব্যবস্থা স্থাপন, পরিবেশবান্ধব ভবন নির্মাণ, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, কম বিদ্যুৎ ব্যবহারকারী ফ্রিজ স্থাপন, আধুনিক লন্ড্রি সরঞ্জাম, বৈদ্যুতিক দুই ও তিন চাকার যানবাহন, পরিচ্ছন্ন রান্নার প্রযুক্তি এবং বৃষ্টির পানি সংরক্ষণ ও বিশুদ্ধকরণ ব্যবস্থা।
অন্যদিকে ২ কোটি ইউরোর কাঠামোগত ঋণ তৈরি পোশাক, বস্ত্র ও অন্যান্য রপ্তানিমুখী শিল্পে টেকসই ও চক্রাকার উৎপাদন ব্যবস্থা গড়ে তুলতে ব্যবহৃত হবে।
ইউরোপীয় বিনিয়োগ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট নিকোলা বিয়ার বলেন, বাংলাদেশের তৈরি পোশাক ও বস্ত্র খাত ইউরোপীয় বাজারের সঙ্গে গভীরভাবে যুক্ত। ব্র্যাক ব্যাংকের সঙ্গে এই অংশীদারিত্ব উৎপাদন আধুনিকায়ন, সম্পদের দক্ষ ব্যবহার এবং আন্তর্জাতিক টেকসই মানদণ্ড অর্জনে সহায়তা করবে।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, এই অর্থায়ন দেশের শিল্প খাতে সবুজ ও চক্রাকার বিনিয়োগ ত্বরান্বিত করবে। এর মাধ্যমে উদ্যোক্তারা কার্যক্রম আধুনিকায়ন এবং বৈশ্বিক পরিবেশগত মানদণ্ড পূরণে সক্ষম হবেন।
বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার বলেন, এই উদ্যোগ বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে টেকসই বাণিজ্য, জলবায়ু কার্যক্রম এবং দীর্ঘমেয়াদি অর্থনৈতিক প্রবৃদ্ধিকে আরও শক্তিশালী করবে।
ইআইবি গ্লোবাল জানায়, এই অর্থায়ন ইউরোপীয় ইউনিয়নের ‘গ্লোবাল গেটওয়ে’ উদ্যোগের অংশ, যার মাধ্যমে উন্নয়নশীল দেশগুলোতে টেকসই অবকাঠামো, জ্বালানি, ডিজিটাল সংযোগ ও জলবায়ুবান্ধব বিনিয়োগে সহায়তা দেওয়া হচ্ছে।


