চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) চলমান অচলাবস্থা নিরসন এবং একাডেমিক কার্যক্রম পুনরায় চালুর লক্ষ্যে আগামী বুধবার শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) গঠিত পরামর্শক কমিটি।
সোমবার জারি করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এতে জানানো হয়, সংকট নিরসন ও শিক্ষা কার্যক্রম শুরুর সুনির্দিষ্ট সুপারিশমালা তৈরিতে ইউজিসির কমিটির সদস্যরা চুয়েট ক্যাম্পাস পরিদর্শন করবেন এবং সব পক্ষ বা অংশীজনের সঙ্গে ধারাবাহিকভাবে আলোচনা করবেন।
বিজ্ঞপ্তিতে প্রকাশিত সময়সূচি অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষক প্রতিনিধি, বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শিক্ষার্থী প্রতিনিধি, দুপুর ২টা থেকে ৩টা পর্যন্ত কর্মকর্তা এবং বেলা ৩টা থেকে ৪টা পর্যন্ত কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করবে কমিটি। সভা আয়োজনে ক্যাম্পাসে উপযুক্ত ব্যবস্থা নিশ্চিত করতে চুয়েট কর্তৃপক্ষকে অনুরোধ করা হয়েছে।
উপাচার্য পদে অধ্যাপক আবু সাদাত মোহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলন ও প্রশাসনিক জটিলতায় চুয়েটে চরম অচলাবস্থা তৈরি হয়। এই অচল অবস্থা কাটাতে সম্প্রতি ইউজিসি ৬ সদস্যের উচ্চপর্যায়ের একটি পরামর্শক কমিটি গঠন করে।


