সুদানের দারফুর অঞ্চলের একটি হাসপাতালে চালানো হামলায় ১৩ শিশুসহ অন্তত ৬৪ জন নিহত হয়েছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
শনিবার এক সোশ্যাল মিডিয়া পোস্টে বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদ্রোস আধানম গেব্রিয়াসুস জানান, শুক্রবার রাতে পূর্ব দারফুর রাজ্যের রাজধানী আল-দাইন-এর ‘আল-দাইন টিচিং হসপিটাল’-এ এই হামলা চালানো হয়। নিহতদের মধ্যে বেশ কয়েকজন রোগী ছাড়াও দুজন নারী নার্স এবং একজন পুরুষ চিকিৎসক রয়েছেন।
তিনি আরও যোগ করেন যে, এই ঘটনায় আরও ৮৯ জন আহত হয়েছেন, যাদের মধ্যে আটজন স্বাস্থ্যকর্মী।
এই হামলায় হাসপাতালটির শিশু বিভাগ, প্রসূতি বিভাগ এবং জরুরি বিভাগ ক্ষতিগ্রস্ত হয়েছে। এর ফলে স্থাপনাটি অকেজো হয়ে পড়েছে এবং পুরো শহরে জরুরি চিকিৎসা সেবা বন্ধ হয়ে গেছে।
বিশ্ব স্বাস্থ্য প্রধান বলেন, এ নিয়ে সুদান যুদ্ধের ফলে হওয়া সব হামলার ঘটনায় মোট নিহতের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে।
তিনি আরও জানান, সুদানের সেনাবাহিনী এবং আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের মধ্যে গত প্রায় তিন বছরের সংঘাত চলাকালীন স্বাস্থ্যসেবার সংক্রান্ত স্থাপনার ওপর ২১৩টি হামলায় ২ হাজার ৩৬ জনের মৃত্যুর বিষয়টি বিশ্ব স্বাস্থ্য সংস্থা নিশ্চিত করেছে।
সুদানের মানবাধিকার সংস্থা ইমার্জেন্সি লয়ার্স জানিয়েছে, সেনাবাহিনীর ড্রোন হামলায় হাসপাতালটি ক্ষতিগ্রস্ত হয়েছে।


