ঢাকার সাভারে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল ও ককটেল বিস্ফোরণের সময় ধাওয়া করে আটজনকে আটক করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার ঢাকা-আরিচা মহাসড়কের বিপিএটিসি এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন—ফিরোজ মিয়া, রিয়াদ, সোয়াদ, মাসুম, জিন্নত, ইসমাইল হোসেন, তামিম শিকদার ও শাকিল হোসেন।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, হঠাৎ করে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল বের করেন। এ সময় সেখানে তারা ককটেল বিস্ফোরণও ঘটান। পরে ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ধাওয়া করে আটজনকে আটক করে।
ঢাকা জেলা উত্তর ডিবির ওসি সাইদুল ইসলাম জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। তাদের কাছ থেকে ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে।


