শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি

শেখ হাসিনার সম্পত্তি বাজেয়াপ্তের উদ্যোগ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি
শেখ হাসিনা। ফাইল ছবি
Advertisement
Advertisement

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের রায় কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়। মঙ্গলবার বিষয়টি জানিয়েছেন চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।

শেখ হাসিনার সম্পত্তির বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে পাঠানো স্মারকে বলা হয়েছে, ২০২৫ সালের ১৭ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর রায়ে পলাতক আসামি শেখ হাসিনাকে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে তার সব সম্পত্তি বাজেয়াপ্ত করে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও ভুক্তভোগীদের ক্ষতিপূরণ হিসেবে বিতরণের আদেশ দেয় ট্রাইব্যুনাল।

রায়ে সম্পত্তি বাজেয়াপ্তের আদেশ কার্যকর করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়।

চিফ প্রসিকিউটরের কার্যালয়ের স্মারকে আশঙ্কা প্রকাশ করে বলা হয়েছে, শেখ হাসিনার সব স্থাবর ও অস্থাবর সম্পত্তি দ্রুত রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়া না হলে তিনি যে কোনো সময় সেগুলো ভোগ, বিক্রি কিংবা অন্যভাবে হস্তান্তর করতে পারেন। এতে সম্পত্তি বাজেয়াপ্তসংক্রান্ত ট্রাইব্যুনালের রায় ও আদেশ কার্যকর করা অসম্ভব হয়ে পড়তে পারে।

এ কারণে শেখ হাসিনার সব স্থাবর-অস্থাবর সম্পত্তির পূর্ণাঙ্গ তালিকা তৈরি করে সেগুলো অবিলম্বে রাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি ট্রাইব্যুনালের আদেশ অনুযায়ী সম্পত্তি বিক্রয় বা অন্য উপায়ে ক্ষতিপূরণ হিসেবে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবার ও ভুক্তভোগীদের মধ্যে বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা নিতেও বলা হয়েছে। আসাদুজ্জামান খান কামালের সম্পত্তির বিষয়েও একই ধরনের ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পৃথক স্মারক পাঠিয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad