হ্যালোইন উৎসব ঘিরে যুক্তরাষ্ট্রে বিভিন্ন শহরে একের পর এক বন্দুক হামলায় অন্তত ছয়জন নিহত এবং ৩০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। এসব হামলায় দেশটির বিভিন্ন শহরের রেস্তোরাঁ, বার ও লাইভ মিউজিকের (সংগীত) মতো রাতের বিনোদনকেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় কর্মকর্তারা।
বার্তা সংস্থা এপির খবরে বলা হয়, সবচেয়ে ভয়াবহ সহিংসতার ঘটনা ঘটেছে টেক্সাস অঙ্গরাজ্যের ডালাস শহরে। সংগীতানুষ্ঠান ও রেস্তোরাঁর জন্য পরিচিত জনপ্রিয় বিনোদন এলাকা ডিপ এলামে একাধিক বন্দুক হামলায় চারজন নিহত এবং অন্তত ১৫ জন আহত হয়েছেন। এসব বন্দুক হামলার পর এলাকাটিতে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে।
এ ছাড়া আরকানসাসের ফায়েটভিল, আলাবামার বার্মিংহাম, ডেলাওয়্যারের নিউয়ার্ক এবং ইলিনয়ের ব্লুমিংটন শহরেও বন্দুক হামলার খবর পাওয়া গেছে। এসব শহরের বিশ্ববিদ্যালয়গুলোতে আয়োজিত হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে এসব হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
ডালাসের পুলিশপ্রধান ড্যানিয়েল কোমোর তথ্যানুযায়ী, শনিবার রাতে সোয়া এক ঘণ্টার ব্যবধানে তিনটি আলাদা বন্দুক হামলা ঘটে। এসব ঘটনার মধ্যে কোনো যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। হামলাগুলো কী কারণে শুরু হয়েছিল, সেটিও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ড্যানিয়েল কোমো জানান, এসব ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কতজনকে গ্রেপ্তার করা হয়েছে কিংবা তাদের বিরুদ্ধে কী অভিযোগ আনা হয়েছে, তা তিনি স্পষ্ট করেননি।
এই কর্মকর্তা বলেন, ‘এটি অনেক বড় ঘটনাস্থল। বিভিন্ন জায়গাজুড়ে হামলার ঘটনা ঘটেছে।’
পুলিশ জানিয়েছে, হামলার আগেই ডিপ এলাম এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছিল। সেখানে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়। তবে বন্দুক হামলায় কোনো পুলিশ সদস্য আহত হননি।
এদিকে আলাবামার বার্মিংহামে একটি বার্ষিক ফুটবল ম্যাচ শেষে স্টেডিয়ামের বাইরে আলাদা দুটি বন্দুক হামলায় একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।
বার্মিংহামের মেয়র র্যান্ডাল উডফিন রোববার এক সংবাদ সম্মেলনে জানান, শনিবার রাতে লিজিয়ন ফিল্ড স্টেডিয়ামের ঠিক বাইরে ‘ম্যাজিক সিটি ক্ল্যাসিক’ ফুটবল ম্যাচ শেষ হওয়ার পর হামলা দুটি ঘটে।
দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আহত ব্যক্তিদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক।
আলাবামা স্টেট বিশ্ববিদ্যালয় ও আলাবামা এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয় দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী হওয়ায় এক শতাব্দীর বেশি সময় ধরে প্রতিষ্ঠান দুটির মধ্যে বার্ষিক ফুটবল প্রতিযোগিতায় ব্যাপক দর্শনার্থীদের সমাগম ঘটে থাকে। শনিবারের ম্যাচেও প্রায় ৭০ হাজার দর্শক উপস্থিত ছিলেন।
বার্মিংহাম পুলিশ বিভাগের প্রধান মাইকেল পিকেট জানিয়েছেন, হামলার সময় অধিকাংশ দর্শক ও পরিবারের সদস্যরা খেলা শেষে স্টেডিয়াম এলাকা ছেড়ে চলে গিয়েছিলেন।
প্রথম বন্দুক হামলাটি ঘটে স্টেডিয়ামের কাছের গ্রেমন্ট অ্যাভিনিউ এলাকায়। সেখানে অস্থায়ী দোকান বসিয়ে ব্যবসায়ীরা পণ্য বিক্রি করছিলেন।
পুলিশের মুখপাত্র ডিরেল ফ্রিম্যান জানিয়েছেন, ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে একাধিক অস্ত্রও উদ্ধার করা হয়েছে।
ডেলাওয়্যার অঙ্গরাজ্যের নিউয়ার্ক শহরেও শনিবার গভীর রাতে বন্দুক হামলায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন নিউয়ার্ক পুলিশের লেফটেন্যান্ট গ্রেগ ডিএলিয়া।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে হামলার পর লোকজনকে প্রাণ বাঁচাতে দৌড়ে পালাতে দেখা গেছে।
পুলিশ জানিয়েছে, ঘটনার পর শহরের প্রধান সড়ক মেইন স্ট্রিটের একটি অংশ কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়।
গুলিবিদ্ধ ছয়জনকেই চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তবে তাদের শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
ডেলাওয়্যার বিশ্ববিদ্যালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, তদন্তে নতুন তথ্য পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনলাইনে তা জানানো হবে।
অন্যদিকে ইলিনয় অঙ্গরাজ্যের ব্লুমিংটন শহরে রোববার ভোরে বন্দুক হামলায় ১৯ বছর বয়সী এক তরুণী নিহত হয়েছেন। একই ঘটনায় আরও এক নারী গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।
এ ছাড়া হ্যালোইন উৎসবকে কেন্দ্র করে বিভিন্ন অঙ্গরাজ্যে আরও ছয়জন আহত হয়েছেন। তবে তাদের আঘাতের ধরন তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
ইলিনয় ওয়েসলিয়ান বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের কাছে এ বন্দুক হামলা ঘটে। ব্লুমিংটন শহরটি শিকাগো থেকে প্রায় ১৩৫ মাইল বা ২১৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত।
আরকানসাস অঙ্গরাজ্যের ফায়েটভিল শহরেও রোববার ভোরে বন্দুক হামলায় ছয়জন গুলিবিদ্ধ হয়েছেন। আরকানসাস বিশ্ববিদ্যালয়ের কাছে এ ঘটনা ঘটে।
আহত ছয়জনকেই চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা হয়নি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বন্দুক হামলার আগে সেখানে কয়েকজনের মধ্যে বাগ্বিতণ্ডা বা সংঘর্ষ হয়েছিল।
বিশ্ববিদ্যালয় ও বিনোদন এলাকাগুলোর পাশাপাশি হ্যালোইন উৎসবের সামগ্রী বিক্রির দোকানেও আলাদা বন্দুক হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার ক্যালিফোর্নিয়া ও মিশিগান অঙ্গরাজ্যের দুটি স্পিরিট হ্যালোইন দোকানে (হ্যালোইন উৎসব উপলক্ষে মুখোশ, ভৌতিক সাজপোশাক, কৃত্রিম কঙ্কাল, ভূতুড়ে পুতুল ও ঘর সাজানোর বিভিন্ন সামগ্রী বিক্রির দোকান) হামলায় দুজন নিহত হয়েছেন।
ক্যালিফোর্নিয়ার ফেয়ারফিল্ড শহরের একটি স্পিরিট হ্যালোইন দোকানের ভেতরে বন্দুক হামলায় ৩১ বছর বয়সী এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ছয়জন আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, নির্দিষ্ট ব্যক্তিকে লক্ষ্য করে পরিকল্পিতভাবে ওই হামলা চালানো হয়। নিহত নারীর পরিবারের সদস্যরা পুলিশকে জানিয়েছেন, তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। তবে এ ঘটনায় এখনো কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
অন্যদিকে মিশিগান অঙ্গরাজ্যের ম্যাডিসন হাইটস শহরে শুক্রবার বিকালে আরেকটি স্পিরিট হ্যালোইন দোকানে বন্দুক হামলায় ২১ বছর বয়সী এক তরুণ নিহত হয়েছেন।


