বিদেশভ্রমণের বেলায় বাংলাদেশি নাগরিকদের বার্ষিক বৈদেশিক মুদ্রা ব্যবহারের সীমা ১২ হাজার ডলার থেকে বাড়িয়ে ১৮ হাজার ডলার করা হয়েছে। রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোতে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
তবে ১২ হাজার ডলারের মধ্যে প্রতিবার সর্বোচ্চ পাঁচ হাজার ডলার নগদে ও বাকি অর্থ কার্ডে খরচ করা যাবে। নতুন এই সীমা প্রতিবছরের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত প্রযোজ্য হবে।
বিদেশ ভ্রমণে বৈদেশিক মুদ্রার প্রকৃত চাহিদা বৃদ্ধি ও প্রয়োজন বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো কোনো প্রাপ্তবয়স্ক বাংলাদেশি নাগরিককে এক পঞ্জিকাবর্ষে বিদেশভ্রমণের জন্য সর্বোচ্চ ১৮ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা দিতে পারবে। আগে এই সীমা ছিল ১২ হাজার ডলার।
তবে ১২ বছরের কম বয়সীদের জন্য আগের নিয়ম বহাল থাকবে। তারা প্রাপ্তবয়স্কদের জন্য অনুমোদিত সীমার অর্ধেক বা ৫০ শতাংশ ব্যয় করতে পারবে।


