আর্জেন্টিনার বিপক্ষে বিশ্বকাপ ফাইনালের স্বপ্ন দেখছেন স্পেন তারকা লামিন ইয়ামাল। একই সঙ্গে প্রকাশ করেছেন তার প্রিয় তারকা লিওনেল মেসির সঙ্গে জার্সি বদলের ইচ্ছার কথাও। তবে টুর্নামেন্ট চলাকালীন বড় বড় প্রতিশ্রুতি না দিয়ে বার্সেলোনার এই তরুণ জানিয়েছেন, তার কাছে এই মুহূর্তে একমাত্র লক্ষ্য শিরোপা জেতা।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’র এক প্রশ্নোত্তর পর্বে নিজের বড় স্বপ্নের কথা জানিয়েছেন ইয়ামাল। স্পেন ফাইনালে উঠলে সেখানে প্রতিপক্ষ হিসেবে আর্জেন্টিনাকে পাওয়ার তীব্র ইচ্ছার কথা বলেছেন এই উইঙ্গার। শুধু দেশকে শিরোপা এনে দেওয়াই নয়, সাবেক বার্সেলোনা কিংবদন্তি মেসির সঙ্গে জার্সি বদলের বিরল সুযোগটিও লুফে নিতে চান তিনি।
সংক্ষিপ্ত এক সাক্ষাৎকারে নিজের পছন্দ ও ব্যক্তিগত লক্ষ্যের কথা বলতে গিয়ে স্পষ্ট জবাব দেন ইয়ামাল। কার সঙ্গে জার্সি বদল করতে চান–এমন প্রশ্নে তার সোজাসুজি জবাব, ‘মেসির সঙ্গে।’ আর ফাইনালে কাকে প্রতিপক্ষ হিসেবে পেতে চান, এই প্রশ্নে এই তরুণ ফুটবলারের সরাসরি উত্তর, ‘আর্জেন্টিনা।’
অবশ্য এই স্বপ্নের ফাইনালে পৌঁছাতে হলে স্পেনকে প্রথমে পার হতে হবে কঠিন বাধা। লস অ্যাঞ্জেলেস স্টেডিয়ামে কোয়ার্টার ফাইনালে স্পেনের প্রতিপক্ষ টানা ১৮ ম্যাচে অপরাজিত থাকা শক্তিশালী বেলজিয়াম। এই ম্যাচে ১৯ বছর বয়স হওয়ার আগে বিশ্বকাপের তিনটি নকআউট ম্যাচে শুরুর একাদশে থাকা প্রথম স্প্যানিশ ফুটবলার হওয়ার রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ইয়ামালের সামনে।
অন্যদিকে, টানা ১২ ম্যাচে জয়ী মেসির আর্জেন্টিনাকেও কানসাস সিটি স্টেডিয়ামে সুইজারল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে কঠিন পরীক্ষা দিতে হবে।


