জাতীয় সংসদ নির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছে পুলিশ বাহিনী। এমন তথ্য জানিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেন, ‘আসন্ন জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে আয়োজনের ব্যাপারে এখন প্রস্তুতি চলছে। আমাদের প্রধান উদ্দেশ্য আগামী নির্বাচন। আমরা সে ব্যাপারেই প্রস্তুত হচ্ছি।’
আগামী নির্বাচনে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
সংবাদ সংস্থা বাসসকে তিনি আরও জানান, জননিরাপত্তা নিশ্চিতে পুলিশ আগামী নির্বাচন পর্যন্ত দেশব্যাপী অভিযান অব্যাহত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
বর্তমানে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে তিনি বলেন, ‘আমি শতভাগ সন্তুষ্ট নই। আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নতির এখনো সুযোগ রয়েছে।’
যদিও ছাত্র নেতৃত্বাধীন গণঅভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর হতাশাগ্রস্ত পুলিশ কর্মীদের কাজে ফিরিয়ে আনাকে পুলিশের বড় সফলতা বলে উল্লেখ করেন তিনি। তিনি মনে করেন, গণঅভ্যুত্থান পরবর্তী চ্যালেঞ্জিং সময়ে পুলিশ ভালোই কাজ করেছে।


