টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবনার প্রতিবাদে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পূর্ব গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থী ও সাধারণ মানুষজন।
এদিকে, অবরোধের কারণে ঢাকা ও উত্তরবঙ্গগামী শত শত যানবাহন ঘণ্টাব্যাপী যানজটে আটকে পড়ে। এতে মহাসড়কের উভয় পাশে অন্তত ছয় কিলোমিটারজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে প্রশাসনের হস্তক্ষেপ ও আলোচনা শেষে দেড় ঘণ্টা পর দুপুর সাড়ে ১২টার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। বর্তমানে ওই সড়ক দিয়ে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
সোমবার সকাল ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষুব্ধ ছাত্র-জনতা মহাসড়কের ওই অংশে অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন।
অবরোধকারীরা জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাব পাঠানো হয়েছে বলে জানা যাচ্ছে। এ সিদ্ধান্ত তারা মেনে নেবেন না। টাঙ্গাইল নিয়ে টানাহেঁচড়া চলবে না। টাঙ্গাইল যদি ঢাকা বিভাগে না থাকে তাহলে একে স্বাধীন বিভাগ হিসেবে ঘোষণা করতে হবে। অন্যথায় আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।
কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুল ইসলাম জানান, টাঙ্গাইল জেলাকে ময়মনসিংহ বিভাগে অন্তর্ভুক্ত করার প্রস্তাবের বিষয়টি লিখিত কোনো চিঠি বা কোনো তথ্য সরকারিভাবে পাইনি। তাই আন্দোলনকারীদের যৌক্তিক দাবিগুলো লিখিতভাবে জমা দেওয়ার জন্য আহ্বান করা হয়েছে। তাদের লিখিত দাবিগুলোর বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হবে।
২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর ময়মনসিংহকে দেশের অষ্টম বিভাগ হিসেবে ঘোষণার সময়ই টাঙ্গাইলকে ওই বিভাগে যুক্ত করার প্রস্তাব দেওয়া হয়। সে সময়ও টাঙ্গাইলের মানুষ গণস্বাক্ষর, মানববন্ধন ও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে এর প্রতিবাদ করেন। বর্তমানে প্রস্তাবের বিষয়টি আবার আলোচনায় আসায় জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ক্ষোভ প্রকাশ করছেন। একই সঙ্গে টাঙ্গাইলের প্রশাসনিক অবস্থান অপরিবর্তিত রাখার দাবি জানানো হয়েছে।


