ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) সাবেক নারী কাউন্সিলর ও মহিলা আওয়ামী লীগ নেত্রী হাজেরা খাতুন নার্গিসকে গ্রেপ্তার করেছে গুলশান থানা পুলিশ।
ইউএনবির খবরে বলা হয়, মঙ্গলবার রাতে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান।
তিনি বলেন, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গুলশান থানার একটি বিশেষ দল অভিযান চালিয়ে শাহজাদপুরের আজমেরী এলাকার নিজ বাসা থেকে হাজেরা খাতুনকে গ্রেপ্তার করে। পরে তাকে গুলশান থানায় নেওয়া হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তবে কোন অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দেয়নি পুলিশ।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের সংরক্ষিত আসন (০১, ১৭ ও ১৮ নম্বর ওয়ার্ড) থেকে ২০২৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কাউন্সিলর নির্বাচিত হন হাজেরা খাতুন। মহিলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ে তিনি দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করেছেন।


