ঝালকাঠিতে ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির অংশ হিসেবে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে কার্যক্রম শুরু হয়েছে। শহরের বিভিন্ন ড্রেন ও জমে থাকা পানিতে নিয়মিত এ কার্যক্রম পরিচালনা করা হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার সকালে ঝালকাঠি শহরের কাঠপট্টি এলাকায় আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার মেরিন সুলতানা, ঝালকাঠি পৌরসভার প্রশাসক জুলিয়া সুকায়না, সিভিল সার্জন মোহাম্মদ হুমায়ূন কবির, ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি আককাস সিকদার, সহ-সাধারণ সম্পাদক অলোক সাহা সহ পৌরসভা ও সিভিল সার্জন কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা।
উদ্বোধনকালে সংশ্লিষ্টরা বলেন, ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে শুধু চিকিৎসার ওপর নির্ভর না করে মশার প্রজননস্থল ধ্বংসে কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। এ লক্ষ্যে শহরের বিভিন্ন এলাকায় পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের পাশাপাশি ড্রেন, নালা ও বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে লার্ভানাশক ট্যাবলেট মিশ্রিত পানি স্প্রে করা হবে।
সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন হতে হবে। বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা ও আশপাশে কোথাও যেন পরিষ্কার পানি জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। কারণ জমে থাকা পরিষ্কার পানিতেই এডিস মশা জন্ম নেয়। এ সময় নাগরিকদের নিজ নিজ বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে স্বাস্থ্য বিভাগের পরামর্শ মেনে চলার আহ্বান জানানো হয়।


