নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে গোলাগুলিতে কামরুল হাসান (২৪) নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
শনিবার রাতে উপজেলার আলাইয়ারপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বেপারী বাড়ি মন্দির পুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, বেপারী বাড়ি মন্দির পুকুর সংলগ্ন বিতর্কিত একটি জমি নিয়ে বিরোধের জেরে কথা-কাটাকাটির একপর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলি শুরু হয়। এতে কামরুল হাসান গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুজ্জামান বলেন, ‘ঘটনার খবর পাওয়ার পরপরই সেখানে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি, পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।’
ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।


