গাইবান্ধা পৌরসভার একটি দ্রুতগতির ময়লাবাহী ডাম্প ট্রাকের চাপায় পিষ্ট হয়ে মাসুদ মিয়া নামে এক মসজিদের খাদেমের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুরে মোটরসাইকেলে মসজিদে যাওয়ার পথে শহরের পশ্চিমপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাসুদ মিয়া গাইবান্ধা পৌর শহরের জুম্মাপাড়া এলাকার বাসিন্দা। তিনি গাইবান্ধা সদর উপজেলার মডেল মসজিদের খাদেমের দায়িত্ব পালন করছিলেন।
স্থানীয়রা জানায়, মাসুদ মিয়া জুম্মাপাড়া থেকে সদর উপজেলা মডেল মসজিদের দিকে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড হয়ে সংযোগ সড়ক দিয়ে সাদুল্যাপুর সড়কে ওঠার সময় শহরমুখী একটি দ্রুতগতির পৌরসভার ময়লাবাহী ডাম্প ট্রাক তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে গাইবান্ধা সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।
গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘাতক ট্রাকের ড্রাইভার থানায় আটক আছে। নিহতের মরদেহ উদ্ধার করে গাইবান্ধা জেলা হসপিটালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থেকে এখনও থানায় কোন অভিযোগ করেন নাই। পরিবারের সদস্যরা অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।


