ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মঙ্গলবার গভীর রাতে একাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তদের এ হামলায় কেউ হতাহত না হলেও সেখানে অবস্থানরত শিক্ষার্থীদের মধ্যে আতংক ছড়িয়ে পড়ে।
ঘটনার প্রতিবাদে গণতান্ত্রিক ছাত্র সংসদের নেতাকর্মীরা তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল বের করেন।বিক্ষোভকারীরা নিরাপদ ক্যাম্পাসের দাবি করে অভিযোগ করেন, ডাকসু নির্বাচনের দাবিকে বানচাল করার জন্যই এ হামলা চালানো হয়েছে। জুলাই অভ্যুত্থানের নেতাকর্মীরা সম্প্রতি এই নতুন ছাত্র সংগঠন গড়েছেন।
রোববার বিকালেই বাংলামোটর মোড়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে দুর্বত্তরা একদফা ককটেল বিস্ফোরণ ঘটায়। তবে এতে কেউ হতাহত হয়নি। জুলাই অভ্যুত্থানের পরে নতুন এই রাজনৈতিক দলটিও গঠিত হয়েছে।
ঢাবির টিএসসিতে ককটেল হামলার প্রতিবাদে গভীর রাতে বের হওয়া মিছিলটি একই স্থান থেকে শুরু হয়ে প্রক্টর অফিসের সামনে গিয়ে শেষ হয়।
পরে এক সংক্ষিপ্ত সমাবেশে গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য সচিব জাহিদ আহসান অভিযোগ করে বলেন, ‘যারা ডাকসু চায় না, যাদের ডাকসুতে হেরে যাবার ভয় আছে, তারাই ক্যাম্পাস অস্থিতিশীল করতে চায়।’
তিনি আরো বলেন, ‘বারবার ক্যাম্পাসকে অস্থিতিশীল করার প্রচেষ্টার বিপরীতে কর্তৃপক্ষের জোরালো অবস্থান নেই।’
আহ্বায়ক আবু বাকের মজুমদার হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘জুলাইতে আমরা ছাত্রলীগ হটিয়েছি। নতুন করে কেউ ক্যাম্পাস অস্থিতিশীল করতে পারবে না।’
বিক্ষোভ মিছিলে গণতান্ত্রিক ছাত্র সংসদের মুখ্য সংগঠক, তাহমিদ আল মুদ্দাসসির চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার মুখ্য সংগঠক হাসিবুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মিতু আক্তারসহ আরো নেতাকর্মীরা অংশ নেন।


