খাগড়াছড়িতে জেলেদের জালে একটি আট ফুটের অজগড় আটকা পড়েছে। পরে সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন স্থানীয়রা।
সোমবার সকাল ১০টার দিকে দীঘিনালা উপজেলার কবাখালী ইউনিয়নের উত্তর হাচিনসনপুর এলাকার একটি নালাতে জামাল উদ্দিনের মাছ ধরার জালে আটকা পড়ে বার্মিস প্রজাতির অজগরটি। সেখান থেকে সাপটি উদ্ধার করেন ন্যাচার কনজারভেশন অ্যালায়েন্স সংগঠক হৃদয় বড়ুয়া। পরে স্থানীয়দের সহযোগিতায় মেরুং রেঞ্জের বনবিভাগের কাছে সাপটিকে হস্তান্তর করা হয়।
মেরুং রেঞ্জের উপ-বনরক্ষক কর্মকর্তা মো. জাফরুল্লাহ বলেন, ‘বার্মিস প্রজাতির এ অজগরটি আট ফুট লম্বা এবং এটির ওজন প্রায় সাত কেজি ৮০০ গ্রাম। সাপটি বন বিভাগের হেফাজতে নিয়ে সংরক্ষিত বনাঞ্চলে ছেড়ে দেওয়া হবে।


