কুষ্টিয়ার ভেড়ামারায় বিলুপ্তপ্রায় ‘কড়িকাইট্টা’ প্রজাতির ৬৭টি কচ্ছপ উদ্ধার করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সাতবাড়িয়া বাজার থেকে এই কচ্ছপগুলো উদ্ধার করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
র্যাব-১২, কুষ্টিয়া কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার জানান, বিভিন্ন জায়গা থেকে এনে ভেড়ামারার মহিবুল ইসলামের ছেলে মাহি (২০) কচ্ছপগুলোকে স্থানীয় বাজারে বিক্রি করছিল। র্যাবের একটি দল ক্রেতা সেজে অভিযান চালিয়ে ১১টি বড় ও ৫৬টি ছোট কড়িকাইট্টা কচ্ছপ উদ্ধার করে। কচ্ছপগুলো ভেড়ামারা বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।
ভেড়ামারা উপজেলা বন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানিয়েছেন, ‘বিভাগীয় বন কর্মকর্তার উপস্থিতিতে কচ্ছপগুলোকে উন্মুক্ত জলাশয়ে অবমুক্ত করা হয়েছে।’
‘কড়িকাইট্টা’ কচ্ছপের প্রজাতিটি সাধারণত ভারত, নেপাল, পাকিস্তান এবং বাংলাদেশের কিছু অংশে পাওয়া যায়। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।
আন্তর্জাতিক প্রকৃতি ও প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ সংঘ বা আইইউসিএনের লাল তালিকায় ‘কড়িকাইট্টা’ কচ্ছপকে ‘ভালনারেবল’ বা ‘সংকটাপন্ন’ প্রজাতি হিসেবে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এ প্রজাতি প্রকৃতিতে বিপন্ন হয়ে পড়ার সমূহ সম্ভাবনা রয়েছে।
কড়িকাইট্টা কচ্ছপ পিঠের খোলসের জন্য পরিচিত। দেখে মনে হয়, এর পিঠের ওপর আলাদা একটি ছাদ আছে। বাদামি খোলসের কিনারার দিক হলদেটে কমলা রঙের। খোলসের মাঝের অংশে কমলা বা লালচে কালো ডোরা থাকে। অ্যাকুরিয়ামে পোষার জন্য অনেকেই বাজার থেকে এই কচ্ছপ কিনে থাকেন। তবে এই কচ্ছপ অ্যাকুরিয়ামে পালনের যোগ্য নয়।


