মাইলস্টোন ট্র্যাজেডি হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার বিবৃতিতে এ শোক প্রকাশ করে তিনি।
বিবৃতিতে তিনি বলেন, ‘রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে মাইলষ্টোন স্কুলের শিক্ষার্থীদের হতাহতের ঘটনা অত্যন্ত মর্মান্তিক ও বেদনাদায়ক।‘
মির্জা ফখরুল বলেন, ‘মর্মস্পর্শী ও হৃদয়বিদারক এই দুর্ঘটনায় শোক জানানোর ভাষা আমার জানা নেই। আমি নিহত ও আহতদের পরিবারের প্রতি গভীর সহমর্মিতা জ্ঞাপন করছি, আল্লাহ যেন তাদেরকে এই বিশাল শোক সহ্য করার ক্ষমতা দান করেন।’
তিনি বলেন, ‘আমি বিমান দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করছি। আমি বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণকারী শিক্ষার্থীদের বিদেহী আত্মার মাগফিরাত এবং যে সমস্ত শিক্ষার্থী আগুনে দগ্ধ হয়ে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে চিকিৎসা নিচ্ছে তাদের দ্রুত সুস্থতা কামনা করছি।’
রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমান বাহিনীর উড়োজাহাজ বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১৯ জন নিহত ও দেড় শতাধিক আহত হয়েছেন। নিহতদের অধিকাংশই স্কুলের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুহাম্মদ জাহেদ কামাল বিকালে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।
বিমান বিধ্বস্তের ঘটনায় জাতীয় বার্ন ইনস্টিটিউট ও অন্যান্য হাসপাতালে অর্ধশতাধিক শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে। আহতদের বেশির ভাগের দেহ ঝলসে গেছে বলে জানাচ্ছেন চিকিৎসকরা।


