ইইউর সঙ্গে বাণিজ্য জোরদারে উদ্যোগ, বিনিয়োগ বাড়াতে আহ্বান

ইইউর সঙ্গে বাণিজ্য জোরদারে উদ্যোগ, বিনিয়োগ বাড়াতে আহ্বান
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিদের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের বৈঠক। ছবি: সংগ্রহীত
Advertisement
Advertisement

বাংলাদেশের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক আরও সম্প্রসারণে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সহযোগিতা চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

বুধবার সচিবালয়ে তার দপ্তরে বাংলাদেশে নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান বলে মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

বৈঠকে বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যকার বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য অংশীদার উল্লেখ করে বাণিজ্যমন্ত্রী বলেন, দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক ভবিষ্যতে আরও দৃঢ় করতে বাংলাদেশ কাজ করবে।

ব্যবসা ও বিনিয়োগ সহজীকরণের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, ‘বিগত তিন বছর অর্থনীতি স্থবির ছিল, বিনিয়োগ তেমন আসেনি।’

আরও পড়ুন

‘প্রতিবছর প্রায় ২০ লাখ মানুষ কর্মবাজারে প্রবেশ করে, তাই দেশকে বিনিয়োগবান্ধব করতে চাই,’ যোগ করেন তিনি।

আগামী সময়ে ইতিবাচক পরিবর্তন দেখা যাবে উল্লেখ করে তিনি বাংলাদেশে ইউরোপীয় ইউনিয়নের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান।

ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্য সম্পর্ক আরও বেগবান করতে চায় ইইউ। নন-ট্যারিফ বাধা অপসারণে সহযোগিতা চেয়ে তিনি বলেন, রপ্তানি পণ্যে বৈচিত্র্য বাড়ানো জরুরি।

দ্বিপাক্ষিক বাণিজ্যে সমতাভিত্তিক পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়ে রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সঙ্গে ইউরোপীয় দেশগুলোর অংশীদারিত্ব অব্যাহত থাকবে।

বৈঠকে উপস্থিত ছিলেন বাণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রপ্তানি মো. আবদুর রহিম খান এবং অতিরিক্ত সচিব এফটিএ আয়েশা আক্তার।

ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিদলে স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিসটিয়াগা, ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টিয়ান ব্রিক্স মুলার, ফ্রান্সের রাষ্ট্রদূত ফ্রেডরিক ইনজা, সুইডেনের রাষ্ট্রদূত নিকোলাস উইক, ইতালির রাষ্ট্রদূত এন্তোনিও আলসান্দ্রে, জার্মানির রাষ্ট্রদূত রুডিগার লোটজ, নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল এবং ইউরোপীয় ইউনিয়নের ট্রেড অ্যাডভাইজর আবু সাঈদ বেলাল উপস্থিত ছিলেন।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর