বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। চিকিৎসকদের পরামর্শে নিজ বাসা থেকে চিকিৎসা নিচ্ছেন তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, জ্বরে ভুগছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাৎক্ষণিকভাবে চিকিৎসকরা তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেন। তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। চিকিৎসকদের পরামর্শে প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধপত্র দেওয়া হচ্ছে।
আপাতত চিকিৎসকদের নির্দেশনা অনুযায়ী, তিনি কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছেন না বলেও জানান শায়রুল কবির খান।
এর আগে, শুক্রবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।


