সুষ্ঠু ভোট গ্রহণের স্বার্থে ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় নির্বাচনের আগে সব জেলা প্রশাসক ও পুলিশ সুপার বদলী হবেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস এমন নির্দেশনা দিয়েছেন।
বুধবার ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, আইজিপি, কোস্টগার্ড ডিজি, আনসার ডিজিসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতনদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
এ দিন রাতে রাজধানীর বেইলি রোডের ফরেন সার্ভিস একাডেমিতে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।
ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ‘নির্বাচনের আগে ডিসি-এসপি-ওসি ও ইউএনওদের “রিশাফল” (বদলী) করার কথা বলা হয়েছে। এই “রিশাফলটা র ্যান্ডম ওয়েতে” হবে,’ জানান তিনি।
প্রেস সচিব বলেন, ‘ভোটের দিন ইন্টারনেট সচল রাখতে করণীয় নির্ধারণের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।’
তিনি বলেন, ‘আগে তো আমরা দেখেছি যে ভোটের দিন ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেওয়া হতো।’ এবারের ভোটের সময় যেন ইন্টারনেট সচল রাখা যায় সে ব্যাপারে করণীয় নির্ধারণ করতে বলেছেন প্রধান উপদেষ্টা।
এছাড়া সংস্কারসহ সব প্রস্তুতি সম্পন্ন হলে আগামী রোজার আগেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।


