তাহসিফ হত্যা: এবার ‘বান্ধবী’ দিশা গ্রেপ্তার

তাহসিফ হত্যা: এবার ‘বান্ধবী’ দিশা গ্রেপ্তার
ছবি: সিসিটিভি ফুটেজ থেকে সংগৃহীত
Advertisement
Advertisement

বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় তার বান্ধবী দিশাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন টঙ্গী নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন ফাঁড়ির পরিদর্শক ফিরোজ আহমেদ।

রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিপন হোসেনের আদালতে দিশাকে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ফিরোজ উদ্দিন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা উল্লেখ করেন, গত ২৭ অক্টোবর রাতে উত্তরার একটি বারে তাহসিফের সঙ্গে যান দিশা। সেখানে তারা প্রায় দেড় ঘণ্টা ছিলেন। এ ছাড়া মোটরসাইকেল গ্যারেজসহ বিভিন্ন স্থানে তাদের একসঙ্গে যাতায়াতের দৃশ্য সিসিটিভি ফুটেজে পাওয়া গেছে। তাদের মধ্যে মোবাইল ফোনে যোগাযোগের তথ্যও রয়েছে।

এসব তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার, হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধার এবং ঘটনার স্থান নির্ধারণে দিশাকে জিজ্ঞাসাবাদ প্রয়োজন বলে রিমান্ড আবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন

এদিকে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে উদ্ধার করা মোটরসাইকেলটি তাহসিফ সাউরির (২৮) বলে নিশ্চিত করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বিষয়টি নিশ্চিত করেন পিবিআইয়ের আইন ও গণমাধ্যম শাখার পুলিশ সুপার মো. আবু ইউসুফ।

এর আগে এ ঘটনায় তাহসিফের বন্ধু আহমেদ শাহরিয়ার রেজা দীপকে (২৩) চার দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন আদালত।

শনিবার উত্তরখান থানায় করা হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে দীপকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটন, অন্যদের শনাক্ত ও গ্রেপ্তার এবং হত্যায় ব্যবহৃত আলামত উদ্ধারে দীপকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।

রিমান্ড আবেদনে বলা হয়, গত ২৭ অক্টোবর সন্ধ্যা ৬টার দিকে তাহসিফকে ডেকে নিয়ে বাইরে যান সন্দেহভাজন আসামি দীপ। পরদিন ২৮ অক্টোবর বিকাল সাড়ে ৪টার দিকে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে উত্তরখান থানার রাজাবাড়ী ঘাটসংলগ্ন তুরাগ নদীতে একটি মরদেহ ভাসতে থাকার খবর পায় পুলিশ। পরে নৌ-পুলিশের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করা হয় এবং সঙ্গে থাকা হাতঘড়ি ও পকেটে থাকা আইফোনের সূত্র ধরে তাহসিফ সাউরির পরিচয় শনাক্ত করা হয়।

২৯ অক্টোবর দুপুর আড়াইটার দিকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়। এরপর উত্তরা ১৮ নম্বর সেক্টরের মসজিদে জানাজার নামাজ শেষে রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরের কবরস্থানে তাহসিফ সাউরিকে দাফন করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর
Ad