পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। রোববার এ বিষয়ে আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়।
রোববার বেলা সাড়ে ১১টার দিকে সচিবালয় থেকে শ্রমমন্ত্রী জানান, কারখানা মালিক, শ্রমিক ও নিরপেক্ষ প্রতিনিধিদের সমন্বয়ে নতুন মজুরি বোর্ড গঠন করেছে সরকার। শ্রম আইন অনুযায়ী ছয় সদস্যবিশিষ্ট এ বোর্ড গঠন করা হয়েছে এবং রোববার থেকেই এটি কার্যকর হচ্ছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, গার্মেন্টস শিল্প খাতে মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক এবিএম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্য প্রজ্ঞাপনে নিরপেক্ষ সদস্য হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক মোসলেহ উদ্দিন আহমদ, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের যুগ্ম-মহাসচিব আসিফ আইয়ুব এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনকে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ শ্রম আইন, ২০০৬ (সংশোধিত ২০২৬)-এর সংশ্লিষ্ট ধারার ক্ষমতাবলে এসব নিয়োগ দেওয়া হয়েছে।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী জানান, দ্রুততম সময়ের মধ্যে মজুরি বোর্ডের সভা অনুষ্ঠিত হবে। সেখানে আলোচনা করে শ্রমিকদের নিম্নতম মজুরির বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।
আরিফুল হক চৌধুরী বলেন, ‘মজুরি বোর্ড গঠন করা হয়েছে। আমরা আশা করি, শ্রমিকেরা রাজপথের আন্দোলন ছেড়ে নিজ নিজ কারখানায় কাজে যোগ দেবেন। মজুরি বোর্ডে যারা সদস্য হয়েছেন, তাদের প্রতি আমাদের আহ্বান, যত দ্রুত সম্ভব তারা আলোচনায় বসে নতুন মজুরি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এটি একটি স্বাধীন বোর্ড। শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিরা আলোচনা করে মজুরি নির্ধারণ করবেন। এ বিষয়ে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়নি। বোর্ডের সদস্যরা বসেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।’
প্রজ্ঞাপনে ন্যূনতম মজুরি বোর্ডের চেয়ারম্যানকে মালিকপক্ষ, শ্রমিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিদের নিয়ে শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের পরবর্তী কার্যক্রম গ্রহণ করতে বলা হয়েছে।
এর আগে শনিবার রাজধানী ঢাকার বিজয়নগরে শ্রম ভবনে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ) এবং বাংলাদেশ নিটওয়্যার প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিকেএমইএ) প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী জানান, শ্রমিক নেতাদের সঙ্গে দীর্ঘ আলোচনার পর নতুন মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অবস্থায় শ্রমিকদের আন্দোলন চালিয়ে যাওয়ার কোনো কারণ নেই।
এদিকে ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে টানা দ্বিতীয় দিনেও রাজধানীর মিরপুরে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন কয়েকটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। একই দাবিতে গাজীপুরের বিভিন্ন এলাকাতেও শ্রমিক বিক্ষোভ ও সড়ক অবরোধ চলছে।


