চুয়াডাঙ্গায় এমপিওভুক্ত বিভিন্ন কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা ৩ দফা দাবিতে মানববন্ধন করেছে। শনিবার সকাল ১১টার দিকে চুয়াডাঙ্গা শহীদ হাসান চত্বরে তারা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে।
মানববন্ধনে নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হাসান বলেন, ‘আমরা পূর্ণাঙ্গভাবে উৎসব ভাতা পাইনা, বাড়ি ভাড়া পাইনা। দীর্ঘদিন ধরে একই প্রতিষ্ঠানে চাকরি করলেও অন্য কোনো প্রতিষ্ঠানে বদলি হওয়া যায় না। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে আমরা মানবেতর জীবন-যাপন করছি। আমরা আমাদের ছেলে-মেয়েকে ভালোভাবে পড়ালেখা করাতে পারি না, সময়মতো কাপড় দিতে পারি না। আমাদের পে-স্কেলের বেতন ভাতা, শতভাগ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও বদলী সংক্রান্ত বিষয়ে কেন্দ্রীয় ঘোষণার দাবিতে সারা দেশের মতো আমরা চুয়াডাঙ্গাতে মানববন্ধন করছি।’
আগামী ৪ নভেম্বর তারা জাতীয় প্রেসক্লাবের সামনে ৩ দফা দাবিতে মানববন্ধন করবেন বলেও জানান এ শিক্ষক। এই সময় মানববন্ধনে দর্শনা ডিএস দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক আল-আমীন, চুয়াডাঙ্গা পৌর কলেজের সহকারী শিক্ষক হাসিবুল ইসলামসহ চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের শিক্ষক-শিক্ষিকা উপস্থিত ছিলেন।


