আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর বিরুদ্ধে অপপ্রচার ও কুৎসা রটানোর অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
তিনি বলেছেন, ‘অপপ্রচার ও কুৎসা রটনায় এই দুই রাজনৈতিক দলের জুড়ি নেই।’
বৃহস্পতিবার ঢাকার শান্তিনগর মোড়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কার্যক্রমে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘বিভিন্ন ঘটনায় দেখা গেছে গুপ্ত দল ও পরাজিত শক্তির আচরণ প্রায় অভিন্ন। তারা একই ধরনের কথাবার্তা বলছে এবং অপপ্রচার চালাচ্ছে।’ শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আগে বিএনপিকে জঙ্গি রাজনৈতিক দল হিসেবে তুলে ধরার এবং বাংলাদেশে অন্য ধর্মাবলম্বীরা নিরাপদ নন বলে প্রচারের চেষ্টা করা হতো বলেও দাবি করেন তিনি।
বিএনপির এই নেতা বলেন, ‘আওয়ামী লীগ একটি অপপ্রচারকারী দল ছিল। তাদের সঙ্গে যুক্ত হয়েছে আরেকটি গুপ্ত দল।’
তিনি বলেন, ‘এদের একটি নিষিদ্ধ ঘোষিত, অন্যটি এখন বিরোধী দলের ভূমিকা পালন করছে। অপপ্রচার ও কুৎসা রটনায় তাদের সঙ্গে প্রতিযোগিতা করে কেউ পারবে না।’
দুর্গাপূজা ঘিরে অপপ্রচারের অভিযোগ তুলে রিজভী বলেন, এবার শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে পূজা উদযাপিত হয়েছে। তার দাবি, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার সতর্ক ও দায়িত্বশীল থাকায় ষড়যন্ত্রকারীরা কোনো নীলনকশা বাস্তবায়নের সুযোগ পায়নি।
পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে বিএনপির নেতাকর্মীরা কাজ করেছেন উল্লেখ করে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী ও তার দল পূজার নিরাপত্তা কার্যক্রমে সম্পৃক্ত ছিলেন। বিএনপির পক্ষ থেকে প্রতিটি পূজামণ্ডপের কমিটির সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং নেতাকর্মীরা দিনরাত কাজ করেছেন।’
রিজভী আরও বলেন, গত ১৮ থেকে ২০ বছরের মধ্যে এবারই সবচেয়ে শান্তিপূর্ণ পূজা অনুষ্ঠিত হয়েছে। তবে এ দাবির পক্ষে তিনি কোনো পরিসংখ্যান তুলে ধরেননি।
আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সম্পর্কের বিষয়টি সামনে আনার প্রসঙ্গে রিজভী বলেন, ‘প্রমাণ আছে বলেই আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সম্পর্কের বিষয়টি সামনে এনেছেন প্রধানমন্ত্রী।’
বিএনপির প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রসঙ্গে রিজভী বলেন, দলটি কথায় ও কাজে সামঞ্জস্য রাখে এবং নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো তারেক রহমানের সরকার বাস্তবায়ন করছে। ফ্যামিলি কার্ড ও ফার্মার্স কার্ড বিতরণের ফলে চলতি বছর দেশে দারিদ্র্যের হার আরও ৫ শতাংশ কমবে বলে অর্থনীতিবিদরা জানিয়েছেন বলেও দাবি করেন তিনি।
ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক প্রচার কার্যক্রম প্রসঙ্গে রিজভী বলেন, দুর্গাপূজার কারণে গত কয়েক দিন লিফলেট বিতরণ কার্যক্রম চালানো যায়নি। বৃহস্পতিবার থেকে আবার তা শুরু হয়েছে। ডেঙ্গুতে আক্রান্ত হওয়া এড়াতে সবাইকে সচেতনভাবে কাজ করার আহ্বান জানান তিনি।


