চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপশন লেখায় ফার্মেসি মালিককে জরিমানা

চিকিৎসক পরিচয়ে প্রেসক্রিপশন লেখায় ফার্মেসি মালিককে জরিমানা
ফার্মেসির মালিক রোকসানা আক্তারকে জরিমানা করে ভ্রাম্যমান আদালত। ছবি: সংগৃহীত
Advertisement
Advertisement

পঞ্চগড় সদর উপজেলার জগদল বাজারে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের পরীক্ষা করার বিজ্ঞাপন এবং চিকিৎসক না হয়েও রোগীদের প্রেসক্রিপশন লেখার অভিযোগে এক ফার্মেসি মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মঙ্গলবার দুপুরে জগদল বাজারে অভিযান চালিয়ে এ দণ্ড দেন পঞ্চগড় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা সুলতানা। অভিযানে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা বেগম রিনা এবং সদর থানা পুলিশের একটি দল উপস্থিত ছিল।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ফার্মেসির মালিক রোকসানা আক্তার পদার্থবিজ্ঞানে পড়াশোনা করেছেন। চিকিৎসক না হয়েও তিনি রোগীদের প্রেসক্রিপশন লিখে অ্যান্টিবায়োটিকসহ বিভিন্ন ওষুধ দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গত ১৪ আগস্ট সাত মাসের এক অন্তঃসত্ত্বা নারীকে চিকিৎসা দিয়ে রোকসানা প্রেসক্রিপশন লিখে দেন বলে অভিযোগ পরিবারের। পরে ওই নারীর গর্ভের সন্তান মারা যায় বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়। এ নিয়ে অভিযোগ ও সংবাদ প্রকাশের পর প্রশাসনের পক্ষ থেকে ফার্মেসিটিতে অভিযান চালানো হয়।

আরও পড়ুন

অভিযানে অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের পরীক্ষা করার বিজ্ঞাপন দেখতে পায় ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগেরও সত্যতা পাওয়া যায়।

ইউএনও ফাহমিদা সুলতানা বলেন, অভিযানে ফার্মেসিতে বিভিন্ন পরীক্ষা করার বিজ্ঞাপন পাওয়া গেলেও এসব পরীক্ষার অনুমোদন দেখাতে পারেননি দোকান মালিক। একই সঙ্গে চিকিৎসক না হয়েও প্রেসক্রিপশন লেখার অভিযোগও পাওয়া যায়। এসব অভিযোগের পরিপ্রেক্ষিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

 

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর