সরকারের ১৮টি পরিত্যক্ত বাড়ি বরাদ্দে অনিয়মের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা ১৫টি মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। এসব মামলার সব আসামিকে খালাস দিয়েছে আদালত।
বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক মুহাম্মদ কামরুল হাসান খান এ রায় ঘোষণা করেন।
মির্জা আব্বাসের আইনজীবী মহি উদ্দিন চৌধুরী বলেন, ‘১৫টি মামলাতেই সব আসামিকে খালাস দেওয়া হয়েছে। তবে বিচার চলাকালে তিন আসামির মৃত্যু হয়েছে। রায়ে আমরা ন্যায়বিচার পেয়েছি।’
চারদলীয় জোট সরকারের সময় সরকারি ১৮টি পরিত্যক্ত বাড়ি সাজানো দরপত্রের মাধ্যমে অস্বাভাবিক কম দামে বিক্রির অভিযোগে ২০০৭ সালের মার্চে সাবেক মন্ত্রী মির্জা আব্বাসসহ ১২ জনের বিরুদ্ধে মতিঝিল থানায় মামলা করে দুদক।
ওই বছরের ২০ সেপ্টেম্বর মামলায় অভিযোগপত্র দাখিল করা হয়। অভিযোগপত্রে বলা হয়, সাজানো দরপত্রের মাধ্যমে এবং প্রকৃত মূল্যের তুলনায় কম দাম দেখিয়ে ১৮টি সরকারি বাড়ি বিক্রি করে আসামিরা আর্থিকভাবে লাভবান হয়েছেন। এতে সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার টাকা ক্ষতি হয়েছে।
অভিযোগপত্রে পরবর্তীতে আরও ১৪ জনকে আসামি করা হয়। তাদের বিরুদ্ধে সুবিধা নেওয়ার অভিযোগ আনা হয়। পরে মির্জা আব্বাসসহ মোট ২১ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় আদালত।


