মাদারীপুরের রাজৈরে পুকুরের পানিতে ডুবে তাবাসসুম ও তাহারিয়া নামে পাঁচ বছর বয়সী যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার মোল্লাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত দুই শিশু ওই গ্রামের নাসির উদ্দিনের মেয়ে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশের পুকুরপাড়ে খেলছিল যমজ দুই বোন তাবাসসুম ও তাহারিয়া। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পুকুরের পানিতে পড়ে যায়। কিছুক্ষণ পর স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে দ্রুত তাদের উদ্ধার করেন।
পরে দুই শিশুকে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
নিহত শিশুদের বাবা নাসির উদ্দিন কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘আমার ২ মেয়ে সবসময় একসঙ্গে থাকত। একসঙ্গে খেলত, একসঙ্গে খেত। ভাবতেও পারিনি, একদিন দুজনকেই এভাবে হারাতে হবে। আমি তো ওদের বাঁচার স্বপ্ন দেখেছিলাম। আল্লাহ আমার বুকটা খালি করে দিলেন।’
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


