জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বাংলাদেশি কূটনীতিক রাবাব ফাতিমাকে আফগানিস্তান বিষয়ক তার বিশেষ প্রতিনিধি হিসেবে মনোনীত করেছেন।
এই মনোনয়নপত্র জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জমা দিয়েছেন বলে গত বৃহস্পতিবার আরিয়ানা নিউজকে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।
সূত্রগুলোর মতে, নিরাপত্তা পরিষদ তার নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে আশা করা হচ্ছে।
যদি এই মনোনয়ন অনুমোদিত হয়, তবে রাবাব ফাতিমা রোজ ওতুনবায়েভার স্থলাভিষিক্ত হবেন, যার মেয়াদ গত বছরের সেপ্টেম্বরে শেষ হয়েছে।
রাবাব ফাতিমা বাংলাদেশের একজন অভিজ্ঞ ও জ্যেষ্ঠ কূটনীতিক। তিনি ২০২২ সাল থেকে জাতিসংঘের আন্ডার-সেক্রেটারি-জেনারেল এবং স্বল্পোন্নত দেশ, ভূবেষ্টিত উন্নয়নশীল দেশ ও ছোট দ্বীপ উন্নয়নশীল রাষ্ট্রগুলোর উচ্চ প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।
এর আগে তিনি নিউইয়র্কে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং জাপানে দেশটির রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বর্ণাঢ্য কূটনৈতিক ক্যারিয়ারে তিনি আন্তর্জাতিক অভিবাসন সংস্থা এবং কমনওয়েলথ সেক্রেটারিয়েটেও বিভিন্ন জ্যেষ্ঠ পদে দায়িত্ব পালন করেছেন, যেখানে তিনি মূলত অভিবাসন, মানবাধিকার এবং আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ে কাজ করেছেন।
তবে রাবাব ফাতিমার এই মনোনয়নের বিষয়টি জাতিসংঘ এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেনি।


