স্থানীয় সরকারের ৪ প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি

স্থানীয় সরকারের ৪ প্রতিষ্ঠানের তথ্য চাইল ইসি
Advertisement
Advertisement

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের তথ্য চেয়েছে নির্বাচন কমিশন (ইসি)। একই সঙ্গে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ ও পৌরসভার সীমানা এবং ওয়ার্ড বিন্যাস দ্রুত সম্পন্ন করার নির্দেশও দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সচিবকে ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন স্বাক্ষরিত পৃথক চারটি চিঠি পাঠায়।

ইউনিয়ন পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের জন্য পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার আইন, ২০০৯-এর ধারা ৮ অনুযায়ী পরিষদগুলোর প্রথম সভার তারিখ থেকে পরবর্তী পাঁচ বছর পর্যন্ত মেয়াদ কার্যকর থাকবে। একই আইনের ধারা ২০ অনুযায়ী পরিষদের মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে পরিষদগুলোর শপথ গ্রহণ ও প্রথম সভার তারিখ প্রয়োজন। পাশাপাশি, প্রযোজ্য ক্ষেত্রে সীমানা ও ওয়ার্ড বিন্যাস দ্রুত সম্পন্ন করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে।

সিটি করপোরেশনের তথ্য চেয়ে পাঠানো চিঠিতে বলা হয়েছে, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯-এর ধারা ৬ অনুযায়ী করপোরেশনের প্রথম সভার তারিখ থেকে পাঁচ বছর মেয়াদ কার্যকর থাকবে। একই আইনের ধারা ৩৪ অনুযায়ী মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ১৮০ দিনের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে। তাই সিটি করপোরেশনগুলোর সাধারণ নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে শপথ গ্রহণ ও প্রথম সভার তারিখ প্রয়োজন।

চিঠিগুলোতে বলা হয়, আগামী ৩০ জুলাইয়ের মধ্যে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ ও সিটি করপোরেশনের এসব তথ্য নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠাতে হবে।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর