গাইবান্ধায় এইচএসসি ও সমমান পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ছয় পরীক্ষার্থী বহিষ্কৃত হয়েছেন।
বুধবার জেলা প্রশাসকের কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
বহিষ্কৃতদের মধ্যে গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রের চারজন ও তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজ কেন্দ্রের দুজন রয়েছেন। তুলসীঘাটের দুজনের একজন জেনারেল ও অন্যজন বিএম শাখার পরীক্ষার্থী।
কেন্দ্র সূত্রে জানা গেছে, পরীক্ষার্থীদের কাছ থেকে কাগজের পাতায় নকল, প্রবেশপত্রে প্রশ্নের সমাধান ও বেঞ্চে লেখা উত্তর উদ্ধার করা হয়।
গাইবান্ধা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ছাইফুল ইসলাম বলেন, ‘প্রশ্নপত্রের উল্টো পিঠে সমাধান ও বেঞ্চে নকল লেখার দায়ে চারজনকে বহিষ্কার করা হয়েছে।’
তুলসীঘাট শামসুল হক ডিগ্রি কলেজের প্রিন্সিপাল শফিক আহম্মেদ সরকার বলেন, ‘জেনারেল ও বিএম শাখার দুই পরীক্ষার্থীর কাছে একাধিক পাতার নকল পাওয়া গেছে।’
জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসার আতাউর রহমান বলেন, ‘বহিষ্কৃত ৬ শিক্ষার্থী আগামী পরীক্ষাগুলো আর দিতে পারবে না।’
বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ পরীক্ষা চলে। সাধারণ বোর্ডে ইংরেজি দ্বিতীয় পত্র ও কারিগরি বোর্ডে বিজনেস ইংলিশ পরীক্ষা অনুষ্ঠিত হয়। মাদ্রাসা ও কারিগরি বোর্ডের পরীক্ষা ছিল পৃথক প্রশ্নপত্রে।
গাইবান্ধার ৫০টি কেন্দ্রে ১৯ হাজার ২১৯ জন পরীক্ষার্থীর মধ্যে ১৮ হাজার ৬৩৯ জন উপস্থিত ছিলেন। অনুপস্থিত ছিলেন ৫৬০ জন।


