জামালপুরে ওয়ার্কশপের বারান্দায় খেলার সময় জানালার গ্রিল মাথায় পড়ে রকিবুল ইসলাম (৭) নামে এক শিশু মারা গেছে।
শনিবার সকাল ৯টার দিকে বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া ইউনিয়নের মধ্য ধাতুয়াকান্দা গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত রকিবুল ইসলাম মধ্য ধাতুয়াকান্দা নতুন বাজার এলাকার মোস্তফা ও আনোয়ারা দম্পতির একমাত্র সন্তান।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওই গ্রামের হোসেন মিয়ার মদিনা স্টিল ওয়ার্কশপ নামের একটি দোকানের বারান্দায় কিছু লোহার তৈরি জানালার গ্রিল দাঁড় করিয়ে রাখা ছিল। সকাল ৯টার দিকে শিশু রকিবুল ওই ওয়ার্কশপের বারান্দায় রাখা গ্রিলগুলো ধরে খেলা করছিল।
একপর্যায়ে একটি ভারী লোহার গ্রিল তার মাথার ওপর উল্টে পড়ে। এতে তার মাথা ফেটে মারাত্মক জখম হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়।
পরে স্থানীয় লোকজন ও পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে দ্রুত বকশীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে হাসপাতালে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয় বলে জানান চিকিৎসক।
বকশীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মকবুল হোসেন বলেন, ঘটনার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আমরা শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছি। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


