২০ বছর আগের হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন 

২০ বছর আগের হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন 
প্রতীকী ছবি
Advertisement
Advertisement

ঢাকার সাভারে ২০ বছর আগে এক ট্রলারচালককে হত্যার দায়ে দুই আসামিকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একইসঙ্গে তাদের প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার ঢাকার অতিরিক্ত জেলা ও দায়রা জজ সপ্তম আদালতের বিচারক মো. আবদুল্লাহ আল মাসুদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মো. আ. মান্নান ও মো. চান মিয়া ওরফে মারুফ। রায় ঘোষণার সময় চান মিয়া পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির নির্দেশ দেয় আদালত।

মামলার নথি অনুযায়ী, ২০০৫ সালের ২৬ জুলাই বিকালে সাভারের আমিনবাজার এলাকার ট্রলারচালক মর্তুজ আলী ডিজেল কেনার জন্য বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হন। পরে ৩০ জুলাই শ্যামলাসি হাওরের কচুরিপানার মধ্য থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুন

তদন্তে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় আসামি মান্নান ও চান মিয়া নিহতের ট্রলারটি ভাড়া করে শ্যামলাসি হাওরের দক্ষিণ দিকে নিয়ে যায়। পথে তারা মর্তুজ আলীকে হত্যা করে লাশ গুম করার উদ্দেশে পানিতে ফেলে দেয়। পরবর্তীতে পুলিশ আসামিদের গ্রেপ্তার করলে তাদের কাছ থেকে নিহতের ট্রলারটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় নিহতের চাচা মো. ইব্রাহিম বাদী হয়ে সাভার থানায় হত্যা মামলা করেন। তদন্ত শেষে ২০০৬ সালের ২৮ মে পুলিশ আদালতে চার্জশিট দাখিল করে। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রপক্ষ মোট সাতজন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করে। উভয় পক্ষের যুক্তিতর্ক শেষে আদালত রোববার এ রায় ঘোষণা করেন।

রায়ে উল্লেখ করা হয়, আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাদের এ দণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া হাজতবাসের মেয়াদ মূল সাজা থেকে বাদ যাবে বলেও আদেশে উল্লেখ করা হয়।

Follow TIMES on Google News

Get trusted updates and editor-picked stories in your feed.

Follow
সম্পর্কিত খবর